মাদারীপুরে শতাধিক নেতাকর্মীসহ আ.লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের টানা দুবারের জনপ্রিয় চেয়ারম্যান ও কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য (মেম্বার) এবং শতাধিক নেতাকর্মী ও সমর্থকও দল থেকে একযোগে পদত্যাগ করেছেন।
গত বুধবার (১৫ জুলাই) দুপুরে চেয়ারম্যান অমিত হোসেন কবিরের নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাঁরা দল ত্যাগ করেন। দল ছাড়ার ঘোষণার পরপরই উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ ও মিষ্টিমুখ করানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের উদ্দেশ্যে চেয়ারম্যান অমিত হোসেন কবির বলেন: "আমি জনগণের সেবা দেওয়ার জন্য এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতাম। তবে বর্তমানে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দল থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের কোনো পদ বা কার্যক্রমের সাথে আমার আর কোনো প্রকার সম্পর্ক নেই। আমাদের আশ্রয় বা ঠাঁই দেওয়ার মতো এখন কেউ নেই।"
তিনি আরও যোগ করেন, কুনিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ভালোবেসে তাঁকে দুই দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই দলমত নির্বিশেষে জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবামূলক কাজ আগের মতোই নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ইউপি সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. হাওয়া বেগমসহ অন্যন্যরা। তাঁরা সকলেই চেয়ারম্যানের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেন।
এআইএল/সকালবেলা
|