পদ্মা ব্যারাজ নির্মাণ উদ্বোধন আগামী বছর: পানিসম্পদ মন্ত্রী
সকালবেলা নিউজ: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত 'পদ্মা ব্যারাজ প্রকল্প' এলাকা পরিদর্শনে এসে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই এ ব্যারাজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকা পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে রাজবাড়ীতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেগা প্রকল্পের ফলক উন্মোচন করবেন।
তিনি উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারাজ প্রকল্পের মূল সমীক্ষা সম্পন্ন করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালে একনেক সভায় এটি চূড়ান্ত অনুমোদন পায়। প্রকল্পটির আনুমানিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৩৩ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে। এটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি সুফল পাবেন। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, মৎস্য সম্পদ বৃদ্ধি ও কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা