আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে : লতিফ সিদ্দিকী
শাহবাগ থানার মামলায় প্রতিবেদন দাখিলে ব্যর্থ পুলিশ, হাজিরা দিলেন লতিফ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিয়েছেন। আজ বুধবার (১৩ মে ২০২৬) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করেন।
শুনানি চলাকালে লতিফ সিদ্দিকী বিচারককে উদ্দেশ্য করে বলেন, “এভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। ছয় মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল, আর আজ সেই আদেশ দেওয়া হলো।” হাজিরা মওকুফ হলেও তিনি আদালতকে জানান যে, তিনি নিয়মিত হাজিরা দিতে চান। লতিফ সিদ্দিকী বলেন, “আমি সশরীরে আদালতে আসব, হাজিরা দেব। আমার এখানে আসতে ভালো লাগে, এখন অভ্যাস হয়ে গেছে।” জবাবে বিচারক বলেন, “সেটা আপনার ইচ্ছে, তবে আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।”
এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল এবং আসামিদের হাজিরার জন্য নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী একটি গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধি আইনের ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন। তবে আসামি নিজেই সশরীরে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন একদল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে সভাস্থলে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। তারা আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং অংশ গ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে।
ওই ঘটনায় তৎকালীন অতিথিদের মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। পরদিন ২৯ আগস্ট শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। আজ হাজিরা শেষে লতিফ সিদ্দিকী হাসিমুখে আদালত চত্বর ত্যাগ করেন।