শ্রীমঙ্গলের হাওর থেকে অজগর উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলের হাওর থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে জেলের জালে আটকে পড়া একটি বিশাল অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান স্থানীয় দুই মৎস্যজীবী নবীন ও জাবেদ।

হাওরে জাল টেনে মাছ ধরার একপর্যায়ে আকস্মিকভাবে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়ে। এত বড় সাপ দেখে দুই জেলে আতঙ্কিত হয়ে পড়েন এবং জালটি ওই অবস্থায় ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে চলে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয়ভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত হাওরে ছুটে যান এবং সাপটি দেখে অজগর (পাইথন) প্রজাতির বলে নিশ্চিত করেন।

পরিবেশকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা প্রায় এক ঘণ্টার সতর্ক ও অক্লান্ত চেষ্টায় অজগর সাপটিকে জাল কেটে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এরপর সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “অজগর বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এদের বাস সাধারণত গভীর বনে কিংবা বনের কোল ঘেঁষে থাকা জলাভূমিতে। এরা মূলত শান্ত প্রকৃতির এবং সাধারণত মানুষকে নিজে থেকে আক্রমণ করে না। বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই সাপগুলোর গুরুত্ব অপরিসীম। লোকালয়ে বা হাওরে কোনো বন্যপ্রাণী চলে আসলে সেটিকে আঘাত না করে আমাদের বা বন বিভাগকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ রইল।”

শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক অজগরটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধার করা অজগরটিকে বর্তমানে রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ বিকেলেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন