২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
আজ সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, "দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এই সময়ের মধ্যেই যেহেতু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই কর্মসূচিতে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। ঈদাচারের কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্যান্য অঙ্গ কর্মসূচি দুই-একদিন পরেও করতে চান, তাতে কোনো অসুবিধা নেই।"
ঘোষিত সূচি অনুযায়ী, মূল কর্মসূচি ২৫ মে শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক আলোচনা সভা এবং বিশেষ পোস্টার প্রকাশ করবে।
৩০ মে (মূল দিবস) ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
৩১ মে (আলোচনা সভা) রোববার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় উদ্যোগ ও ব্যবস্থাপনায় রাজধানীর রমনা ইনস্টিটিউশনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঈদের হিসাবনিকাশ ও বাস্তবতার কারণে মূল দিবসের একদিন পর এই সভা রাখা হয়েছে।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশব্যাপী সব জেলা ও মহানগরীতে দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে শাড়ি-কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া দেশজুড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে স্থানীয় বিএনপি।