বন্যাদুর্গত বাঘাইছড়িতে জেলা বিএনপির ত্রাণ বিতরণ
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ জুলাই) সকালে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বাঘাইছড়ির বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সার্বিক ও আবাসন পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। একই সাথে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি অতীতেও যেকোনো সংকটে জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবে।” বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এআইএল/সকালবেলা
|