ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর সৌন্দর্য রক্ষা, যানজট হ্রাস এবং পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে ফুটপাতে অবৈধ দখলবিরোধী উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে একবার উচ্ছেদ করা স্থানে আর কোনো অবৈধ ব্যবসায়ীকে নতুন করে বসতে দেওয়া হবে না বলেও তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে হাতিরঝিলের মগবাজার আউটার সংলগ্ন এলাকায় 'নগর বাগান' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক শফিকুল ইসলাম বলেন, "আমরা বারবার বলছি, যেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, সেসব ফুটপাতে আর কোনো ব্যবসায়ী অবৈধভাবে পসরা সাজিয়ে বসতে পারবেন না। আমরা ইতোমধ্যে মিরপুরকে দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে পুরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, সেখানে এই অভিযান অব্যাহত রয়েছে এবং সামনেও চলমান থাকবে।"
ডিএনসিসির প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের নিয়মিত কাজের কথা তুলে ধরে তিনি জানান, হাতিরঝিলের মগবাজার আউটারে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অবহেলিত অবস্থায় পড়ে থাকা একটি স্থানে নান্দনিক পার্ক ও পরিবেশবান্ধব নগর বাগান নির্মাণ করা হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের পেছনে তরুণদের সংগঠন 'ফুটস্টেপস'-এর উদ্যোগকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
প্রশাসক গুলশান লেক পরিষ্কার, লেকের পাড়ে চোখজুড়ানো চিত্রকর্ম অঙ্কন এবং বসিলার ৪০ ফিট খাল উদ্ধারে সামাজিক সংগঠনের এই অবদানকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত ঢাকাসহ সারাদেশে ৯০ দিনের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে যুবসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে ডিএনসিসি এখন নিরলসভাবে কাজ করে চলেছে।
সকালবেলা / নুসরাত