আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পর্ষদের শপথ অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পর্ষদের শপথ অনুষ্ঠিত
রাজধানীর শনির আখড়ায় Ascend Academy অডিটোরিয়ামে ‘আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নতুন কেন্দ্রীয় পর্ষদের দায়িত্বশীল

স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়ে ‘আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নবমনোনীত কেন্দ্রীয় পর্ষদের ২০২৭–২০২৮ সেশনের দায়িত্বশীলদের শপথ গ্রহণ এবং দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠান থেকে সংগঠনটির বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচিরও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাজধানীর শনির আখড়ায় অবস্থিত Ascend Academy অডিটোরিয়ামে এক জাকজমকপূর্ণ আয়োজনে এই মানবিক সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এইচ সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মুন্নার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মাহমুদ সরোয়ার রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহা. সাকিব হোসেন।

আয়োজিত অনুষ্ঠানে নবমনোনীত কেন্দ্রীয় পর্ষদের নতুন দায়িত্বশীলরা সততা, নিষ্ঠা, গভীর আন্তরিকতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির সঙ্গে সংগঠনের মূল আদর্শ, লক্ষ্য ও জনকল্যাণমূলক উদ্দেশ্য বাস্তবে রূপদানে কাজ করার শপথ গ্রহণ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় সাংগঠনিক কাজকে মাঠপর্যায়ে আরও গতিশীল করা, স্বেচ্ছাসেবী কর্মীদের গুণগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তার পরিধি সম্প্রসারণ এবং ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাবেশের দ্বিতীয় পর্বে জরুরি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সামাজিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিনামূল্যে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মূলত আকস্মিক শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি এবং জরুরি মুহূর্তে অক্সিজেন সেবা প্রাপ্তিতে অসমর্থ অসহায় মানুষের ঘরে দ্রুত মানবিক সেবা ও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ কল্যাণকর কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নতুন ক্ষেত্র প্রস্তুত হলো বলে জানান উদ্যোক্তারা।

সভাপতির বক্তব্যে আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এস এইচ সম্রাট হোসেন বলেন, “আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানুষের মৌলিক কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ যারা নবমনোনীত কেন্দ্রীয় পর্ষদের দায়িত্ব গ্রহণ করলেন, তাঁদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে এই প্ল্যাটফর্মের কাজ আরও গতিশীল ও ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। আর্তপীড়িত মানুষের সেবায় আমাদের এই নিরন্তর পথচলায় সমাজের সর্বস্তরের বিত্তবান ও সচেতন মানুষের সক্রিয় সমর্থন আমরা প্রত্যাশা করি।”

উক্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, সক্রিয় স্বেচ্ছাসেবী কর্মী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি মানবিক সমাজ গঠন, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম জোরদার করা, বিনামূল্যে জরুরি স্বাস্থ্য সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিষদ আলোচনা করা হয়। একই সাথে পারস্পরিক ঐক্য ও সুশৃঙ্খল সাংগঠনিক ভিত্তি বজায় রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার দৃপ্ত আহ্বান জানান বক্তারা।