সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
বিতর্কিত বক্তব্য দিয়ে সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়া ধর্মীয় বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী।

নিজস্ব প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ, চরম অবমাননাকর মন্তব্য এবং তাঁদের ‘কুত্তার মতো’ পেটানোর সরাসরি হুমকি ও উসকানি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে বিতর্কিত ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘কোর্ট রিপোর্টার্স ইউনিটি’র (সিআরইউ) কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই আইনি নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেন।

নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, নোটিশ প্রাপ্তির পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে গণমাধ্যমে দেওয়া তাঁর উক্ত কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা পেশার মর্যাদা ক্ষুণ্ন করে চরম মানহানি, প্রকাশ্যে শারীরিক হামলার হুমকি প্রদান এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে দেশের প্রচলিত ফৌজদারি ও দেওয়ানি আইনে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তা হিসেবে বক্তব্য দেন ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। সেখানে উসকানিমূলক বক্তব্যের একপর্যায়ে চরম অশালীন ভাষায় তিনি বলেন, “সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।”

গণমাধ্যমকে তোপ দাগিয়ে ও পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে তিনি আরও আক্রমণাত্মকভাবে বলেন, “একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। কিন্তু সাংবাদিকরা সেই ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, উল্টো প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা সব হলুদ সাংবাদিকতা করে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চের দেওয়া পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা কখনোই চায় না।”

প্র প্রেরিত আইনি নোটিশে আরও বলা হয়, ধর্মীয় মঞ্চ ব্যবহার করে ড. এনায়েতুল্লাহ আব্বাসী নিজে এবং তাঁর হাজার হাজার অন্ধ অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের সরাসরি পেটানোর যে প্রকাশ্য হুমকি ও উসকানি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার বস্তুনিষ্ঠ পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করেছে এবং পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিকদের জন্য এক অত্যন্ত ভীতিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমগ্র সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি স্বরূপ।