প্রধানমন্ত্রীর ছবিতে কমেন্ট আবু বকর সিদ্দিক সাত দিনের রিমান্ডে

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ছবিতে কমেন্ট আবু বকর সিদ্দিক সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (২২) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই রিমান্ড মঞ্জুরের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিকালে বিচারক আসামিকে কিছু বলার আছে কি না জানতে চাইলে গ্রেপ্তার আবু বকর সিদ্দিক বলেন, "আমি কমেন্টটি কেবল মজা করে করেছিলাম, এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।" এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২১ অক্টোবর 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের আইডি থেকে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলে একটি উসকানিমূলক মন্তব্য করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে।

আদালতে পেশ করা প্রতিবেদনে ডিবি জানায়, বাংলাদেশ সরকারের প্রধানকে হত্যার কোনো সুসংগঠিত চক্রান্ত, স্নাইপার সরবরাহকারী চক্র বা নিষিদ্ধ কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধন রয়েছে কি না—তা খতিয়ে দেখার জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। জব্দ করা ডিভাইসের পাশাপাশি অন্য কোনো ডিজিটাল আলামত বা মাস্টারমাইন্ডদের সন্ধান পেতে এই ৭ দিনের রিমান্ড আবশ্যক ছিল। ঘটনাটিতে ডিবির সাইবার শাখা বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

সকালবেলা / নুসরাত