টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির
অনলাইন ডেস্ক: টেক্সটাইল খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তিকে সমৃদ্ধ করতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলামসহ রাষ্ট্রপতির সামরিক ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেক্সটাইল শিল্পে নিজস্ব সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ দেন। তিনি বলেন, "আমাদের শিক্ষার্থীরা যেন দেশ ও বিদেশের বাজারে উপযুক্ত কর্মসংস্থান পান, তা নিশ্চিত করতে হবে। এতে দেশের মেধার সঠিক ব্যবহার ঘটবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।" এ ছাড়া তুলার দেশীয় উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিতকরণ এবং পাট, আনারসের পাতা, কলাগাছ ও সিনথেটিক সুতার বিকল্প ব্যবহার নিয়ে বিশ্বমানের গবেষণা জোরদার করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের অবদান এবং বর্তমান শিক্ষা-গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, বিসিএস (টেক্সটাইল) নামে পৃথক ক্যাডার গঠন, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের উত্থাপিত সকল দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপাচার্য আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিতব্য বুটেক্সের ‘দ্বিতীয় সমাবর্তন’-এ চ্যান্সেলর হিসেবে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং উপস্থিত থাকার সম্মতি জানান।
সকালবেলা / নুসরাত