টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে ১০০ ছক্কার বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে ১০০ ছক্কার বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লের ওভারগুলোতে বিস্ফোরক ব্যাটিংয়ের মুন্সিয়ানা দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ ওপেনার অভিষেক শর্মা। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে পাওয়ারপ্লের ভেতরে ১০০টি ছক্কা হাঁকানো বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন এই বাঁহাতি হার্ডহিটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন অভিষেক। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি ২১ বলে ২৭ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল তিনটি চার ও একটি ছক্কা। নবম ওভারে মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে তিনি পাওয়ারপ্লেতে নিজের শততম ছক্কার মাইলফলক স্পর্শ করেন। পরিসংখ্যানে দেখা যায়, টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লের ভেতরে প্রতি ৭.৭৭ বলের ব্যবধানে একটি করে ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ।

এই রেকর্ডের সুবাদে তিনি পেছনে ফেলে দিয়েছেন দুই মহারথীকে। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের সাবেক সফল অধিনায়ক রোহিত শর্মার পাওয়ারপ্লেতে ছক্কা রয়েছে ৯৮টি এবং তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিলের ঝুলিতে রয়েছে ৯৭টি ছক্কা। ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলার মানসিকতাই অভিষেককে আজ এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে চলতি বছরটি অবিশ্বাস্য কাটছে অভিষেকের। এখন পর্যন্ত ৩৬টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে ২৮.৯১ গড় এবং ১৯৯.৬০ এর চোখধাঁধানো স্ট্রাইক রেটে তিনি মোট ১,০১২ রান সংগ্রহ করেছেন। চলতি বছরে তাঁর ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরি, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল ১০৮ রানের।

উল্লেখ্য, এক ক্যালেন্ডার বছরে ১,০০০-এর বেশি টি-টোয়েন্টি রান করার এলিট ক্লাবে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন অভিষেক। তাঁর আগে এই অসাধারণ কীর্তি গড়েছিলেন কেবল সূর্যকুমার যাদব (২০২২ সালে ১,১৬৪ রান) এবং ঈশান কিষান (চলতি বছরে ১,১৫৯ রান)। তরুণ এই ওপেনারের ব্যাটে ভর করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করছে ভারত।

সকালবেলা / নুসরাত