রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রমজান মাসে যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবি নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, কোনো অবস্থাতেই মুখ বন্ধ করব না।”

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী জানান, নির্বাচনের সময় বিভিন্ন মহল থেকে তাকে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, “নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল ও ব্যবসায়ী এসে ডিল করতে চেয়েছিল। প্রশাসনের লোকজন এসে বলেছিল—তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেব। কিন্তু আমি কারও সঙ্গে আপস করিনি।” উল্লেখ্য, ওই নির্বাচনে তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও নিজের স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রচারণায় বেশ আলোচিত ছিলেন।

সাংবাদিকদের চাঁদাবাজদের বিরুদ্ধে ‘ভ্যানগার্ড’ হওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে ঢাকা-৮ আসনে কেউ ভোট চুরি করতে এলে তার হাত-পা ভেঙে দেওয়া হবে, সে কারও স্ত্রী বা ভাতিজা হলেও ছাড় দেওয়া হবে না। তিনি এই আসনটিকে শহীদ ওসমান হাদির আসন হিসেবে উল্লেখ করে সেখানে ইনসাফভিত্তিক বাংলাদেশ কায়েমের সর্বোচ্চ চেষ্টার কথা জানান। এছাড়া আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়, বরং রাষ্ট্রের সিস্টেম বা ব্যবস্থা পরিবর্তনই তাদের প্রধান উদ্দেশ্য।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন