সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দপ্তর সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি আব্দুল হামিদ মন্ডল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবলু তাঁর দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে একদল দুর্বৃত্ত পেছন থেকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা