‘শিক্ষার সর্বস্তরে মহানবী সা.এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
‘শিক্ষার সর্বস্তরে মহানবী সা.এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামি ধারার অনলাইন নিউজপোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এর উদ্যোগে জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৭৫ জনকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে ‘শিক্ষার সর্বস্তরে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব এমপি। সভাপতিত্ব করবেন ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী, খতিব ও সমাজসেবক মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান, নাক-কান-গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. মশিউর রহমান, সমাজসেবক ও সংগঠক মনিরুজ্জামান মামুন, ইদ্রিস মিয়া ভিপি মোহন, সৌদি দূতাবাস ঢাকার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান আযহারী এবং এফএনএইচ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাজী ফারুক হোসেন।

এআইএল/সকালবেলা