বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস সংঘর্ষে নিহত ১

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস সংঘর্ষে নিহত ১

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-ঝালকাঠির সীমান্তবর্তী নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি হলো ‘আবির আব্দুল্লাহ পরিবহন’ ও ‘গ্রিন ভিউ পরিবহন’।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রিন ভিউ পরিবহনের বাসটি সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। অপরদিকে আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রূপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাস দুটি চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হন।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এআইএল/সকালবেলা