অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরের উদ্দেশে শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন তিনি।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে থাকবেন জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ জ্যেষ্ঠ নেতারা।
আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা