বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে বিশেষভাবে দেওয়া মিষ্টিতে কীটনাশক মেশানোর অভিযোগ উঠেছে। মিষ্টি মুখে দেওয়ার সময় বিষের গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে গেছেন স্বজনরা। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে এবং কনে সাদিয়া আক্তার (২০) একই গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, গতকাল বিকেল তিনটার দিকে কাজীসহ তাঁরা কনের বাড়িতে পৌঁছান। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলার পাশাপাশি বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এগুলো শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।
বজলুর রহমানের ভাষ্য অনুযায়ী, বর তাওফিকুর রহমান মিষ্টি মুখে দেওয়ার সময় বিষের গন্ধ পান। পরে স্বজনরা মিষ্টিতে কীটনাশক থাকার সন্দেহ করেন। ওই সময় বোরকা পরা তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখতে পান বলে দাবি করেন তাঁরা। ঘটনার পর ওই তরুণীকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এবং কনের পরিবারের লোকজনও তাঁকে চিনতে পারেননি বলে জানান।
বজলুর রহমান আরও দাবি করেন, স্থানীয়দের ধারণা, বরকে পছন্দ না হওয়ায় কনে তাঁর বান্ধবীকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। তবে এই অভিযোগের কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ভীতসন্ত্রস্ত বরকে নিয়ে স্বজনেরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় তাঁরা নিজ বাড়ি ফিরে যান। এ ঘটনায় বিয়ে আপাতত স্থগিত রয়েছে এবং দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে তাওফিকুর রহমান হাসপাতালে আসেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি না খাওয়ায় শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে অন্য এক মেয়েকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন বলে তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।