যশোরে নিষিদ্ধ আ.লীগের ৯ কর্মী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
যশোরে নিষিদ্ধ আ.লীগের ৯ কর্মী আটক

যশোর প্রতিনিধি: যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন সাগর শেখ, ফয়সাল বেপারী, মামুন ওরফে লেটা মামুন, কাজী মহিউদ্দিন, রবিউল ইসলাম, মিশকাত খান হিমেল, আবুল কালাম আজাদ, রুবেল হোসেন ও রাজিব হাসান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে পালিয়ে যান। পরদিন ২ নভেম্বর এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে ওই বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ।

অন্যদিকে, ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় সমবেত হন। ওই সময় তাঁরা বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট চালান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাকি তিনজনকে আটক করা হয়েছে।

আটক নয়জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এআইএল/সকালবেলা