গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপির সহায়তা
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা এবং ২ বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করা হয়। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা