জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা মোকাবিলায় দেশের সাতটি জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে সর্বোচ্চ গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন এবং ঢাকা জেলায় ২৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ড্রোন, সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।