জনগণ চাইলে হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

জনগণ চাইলে হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাঁদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেন। তিনি বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলই বা কে হবে?’

তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কত আসনে জয় পেতে পারেন—সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তারেক রহমান বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন আমাদের থাকবে।’

নির্বাচনে জয়ী হলে পররাষ্ট্রনীতিতে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম এমন অংশীদারদের প্রয়োজন।

তারেক রহমান বলেন, ‘আমরা সরকারে এলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, দেশে ব্যবসা-বাণিজ্য আনতে হবে, যাতে নতুন চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা অংশীদার জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন