ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১২টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিনি মঞ্চে ওঠেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান, ২০০৩ সালের ৪ জানুয়ারি। তখনকার স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উদ্বোধন করেছিলেন। তাই তার আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম আবেগের বহিঃপ্রকাশ করেছে, যা নির্বাচনী সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে।”
বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও বাইবেলের পাঠের মধ্য দিয়ে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।
সকাল থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে সমবেত হন। তাদের হাতে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।
সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছার পর বিএনপি চেয়ারম্যান হেলিকপ্টারে চেপে ঠাকুরগাঁও পৌঁছান। এদিন তিনি দুপর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ