ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তার প্রমাণ। এছাড়া ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাবও প্রস্তুত করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে অবৈধ ছয়টি সিল উদ্ধার ও প্রিন্টিং প্রেস মালিকের স্বীকারোক্তি নির্বাচনে প্রভাবিত করার ষড়যন্ত্রের প্রমাণ। এছাড়া হোয়াটসঅ্যাপ অর্ডার, জব্দ আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নারীকক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ, মুখ খোলা সনাক্তকরণ এবং নারী পোলিং এজেন্টের উপস্থিতি অপরিহার্য।
মাহদী আমিন অভিযোগ করেন, ওই রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে এবং অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতি রয়েছে। রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্টাম্প উদ্ধার করা হয়েছে, যা সহিংসতা বা ভোট প্রভাবিত করার প্রস্তুতির ইঙ্গিত দেয়।
তিনি উল্লেখ করেন, পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি রয়েছে। ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’ নামে একটি প্রতিষ্ঠান ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে, অথচ বাস্তবে তাদের একক কক্ষে একজনই কর্মী। বিএনপি আশা করছে, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ