মণিরামপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মুখোমুখি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস

মণিরামপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মুখোমুখি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস

আব্দুল্লাহ আল মামুন, যশোর: আগামীর মণিরামপুর কেমন হবে? কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় কী পরিকল্পনা রয়েছে? এমন সব তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তন হলরুমে ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি তরুণদের প্রশ্নের উত্তর দেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের আমন্ত্রণে রশীদ বিন ওয়াক্কাস উপস্থিত হয়ে ক্যাটাগরি ভিত্তিক প্রশ্নের জবাব দেন। তরুণরা মণিরামপুরের জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং ঘুষ-দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করার বিষয়ে প্রার্থীর দৃষ্টিভঙ্গি জানতে চান।

প্রশ্নের উত্তরে রশীদ বিন ওয়াক্কাস বলেন, “নির্বাচিত হলে মণিরামপুরকে একটি আধুনিক ও সেবাভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আর এই অগ্রযাত্রায় তরুণ সমাজের উদ্ভাবনী প্রস্তাব ও ভাবনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের দোরগোড়ায় নিরপেক্ষ সেবা পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, ইফতেখার সেলিম অগ্নি ও কামরুজ্জামান শাহীন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ’র তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাবির ছাত্রদল নেতা এম. রাকিবুল ইসলাম রনি।

মন্তব্য করুন