ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগে এবং অবৈধ বাহনের মাধ্যমে প্রচারণা চালানোর দায়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর এক সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।
বরিশাল-২ আসনের ১১-দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নানের পক্ষে একটি ইলেকট্রোলাইট বাহনের (ব্যাটারিচালিত প্রচার যান) মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছিল। খবর পেয়ে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রচারণার সাথে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রচারণা কাজে ব্যবহৃত অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট বাহনটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব সাংবাদিকদের জানান, "নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রচারণা চালানোর সুনির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। নির্ধারিত সময়ের আগে এবং অনুমোদনহীন যান্ত্রিক বাহন ব্যবহার করে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"
বর্তমানে জব্দকৃত বাহনটি বানারীপাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ