ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান গণঅধিকার পরিষদ ত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছেন। রাজনৈতিক আদর্শ পরিবর্তনের এই চাঞ্চল্যকর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তবে যোগদানের আনুষ্ঠানিক প্রক্রিয়াটি এখনো সম্পন্ন হয়নি বলে জানা গেছে।
জেলা জামায়াত আমীর জানান, গত শনিবার আনুষ্ঠানিকভাবে আশরাফুল বারী চৌধুরী নোমানের জামায়াতে ইসলামীতে যোগদানের কথা ছিল। যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও হঠাৎ নোমান অসুস্থ হয়ে পড়ায় পূর্বনির্ধারিত সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং সুস্থতা সাপেক্ষে দ্রুতই যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দল পরিবর্তনের বিষয়ে আশরাফুল বারী চৌধুরী নোমানের সরাসরি কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে শনিবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে হবিগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কা নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন। তবে নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের (ভিপি নুর) কিছু একক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। সেই বিরোধের জের ধরে তিনি মৌখিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে নোমানের মতো একজন জেলা পর্যায়ের শীর্ষ নেতার দল ত্যাগের সিদ্ধান্ত হবিগঞ্জের স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তি এবং জামায়াতের ভোটব্যাংকের সমীকরণে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এই পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ