কর্মীর মৃত্যুতে অঝোরে কাঁদলেন ধানের শীষের প্রার্থী এস এম জিলানী

কর্মীর মৃত্যুতে অঝোরে কাঁদলেন ধানের শীষের প্রার্থী এস এম জিলানী

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে অকালপ্রয়াত এক কর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। শনিবার (৩১ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত ধারাবাশাইল বাজারের পূর্ব পাশের বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় এই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রদীপ অধিকারী (৩০) নামে ওই কর্মী কিছু দিন আগে এস এম জিলানীর একটি মিছিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বক্তব্য দেওয়ার সময় মেধাবী ছাত্র প্রদীপের কথা বলতে গিয়ে এস এম জিলানী কান্নায় ভেঙে পড়েন। এ সময় সভামঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ও সামনে থাকা সাধারণ মানুষও আবেগপ্রবণ হয়ে পড়েন। উল্লেখ্য, নিহত প্রদীপ অধিকারী ঢাকা কলেজের ছাত্র এবং কান্দি গ্রামের হরবিলাস অধিকারীর ছেলে ছিলেন। সন্ধ্যার পর জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৪টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হন। জনসভার একটি বিশেষ আকর্ষণ ছিল দুই খুদে শিক্ষার্থীর ‘খালেদা জিয়া’ সেজে মিছিলে অংশগ্রহণ, যাদের উপস্থিতিকে উপস্থিত জনতা করতালির মাধ্যমে স্বাগত জানায়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের লড়াই মূলত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার সাথে বিপক্ষ শক্তির। তিনি দাবি করেন, যখনই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে, এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও দেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সামাজিক সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। এর আওতায় ৪ লক্ষ গৃহিণীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে কেনা সম্ভব হবে। এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রদানের ঘোষণা দেন তিনি। কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কাজী অমিত মাহমুদসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন