বগুড়া শহরে জামায়াত মহিলা বিভাগের বিশাল মিছিল

বগুড়া শহরে জামায়াত মহিলা বিভাগের বিশাল মিছিল

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে রাজপথে নেমেছেন সংগঠনের মহিলা বিভাগের নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বিশাল মিছিল বের করা হয়।

শত শত নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেসা হাসির সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তার বক্তব্যে বলেন, “আমরা ক্ষমতায় গেলে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক এক মানবিক বাংলাদেশ গড়ে তুলব। ইনসাফময় সমাজ প্রতিষ্ঠিত হলে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।” তিনি আরও যোগ করেন, দুর্নীতমুক্ত রাষ্ট্র গঠন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ এবং শহর জামায়াতের সেক্রেটারি ও সদর আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী বিলকিস বেগম, আম্বিয়া বেগম, সাবেক কাউন্সিলর জোবায়দা খাতুন, শিরিন আক্তার, মুঞ্জুআরা মুন্নী, নুসরাত জাহানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে নারী কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

মন্তব্য করুন