শরীয়াহ ও খেলাফত থেকে দূরে সরছে জামায়াত: মুফতি সাখাওয়াত

শরীয়াহ ও খেলাফত থেকে দূরে সরছে জামায়াত: মুফতি সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক ও আদর্শিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। তিনি দাবি করেছেন, জামায়াত এখন আর তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর আদর্শে প্রতিষ্ঠিত নেই এবং দলটির ধর্মীয় দৃষ্টিভঙ্গি ক্রমেই অস্পষ্ট হয়ে পড়ছে।

মুফতি সাখাওয়াত তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জামাত যতদিন উস্তায মওদুদীর আদর্শ লালন করেছে, ততদিন তাদের সম্পর্কে ফাতওয়ার কিতাবসমূহের অবস্থান চূড়ান্ত ছিল। কিন্তু বর্তমানে তারা সেই আদর্শ থেকে বিচ্যুত। তিনি বলেন, “খেলাফত ব্যবস্থা আর তাদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নেই। শরিয়াহ আইন কায়েমের বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা শোনা যায় না।” বরং বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত আইনকেই তারা যথেষ্ট হিসেবে মেনে নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এমনকি নারীদের পোশাকের মতো স্পর্শকাতর বিষয়েও জামায়াত প্রচলিত রাজনৈতিক দলগুলোর সুরে কথা বলছে বলে তিনি অভিযোগ তোলেন।

বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, শুধু নামের সঙ্গে “ইসলাম” যুক্ত থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আদর্শ ও অবস্থান যাচাই করেই ভোট দেওয়া ও সমর্থন জানানো জরুরি। তাঁর মতে, জামায়াতকে এখন প্রচলিত অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে।

জামায়াতের বর্তমান পরিস্থিতিকে প্রচলিত দলগুলোর চেয়েও ‘জটিল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা ইসলামের নাম ব্যবহার করলেও আদর্শিক অবস্থান স্পষ্ট করতে পারেনি। মুফতি সাখাওয়াতের ভাষায়, “জামায়াতে ইসলাম বিষয়ে গভীর জ্ঞান ও যোগ্যতাসম্পন্ন মানুষের অভাব রয়েছে। মাঠ পর্যায়ের যেসব বক্তার কারণে তারা ইসলামিক দল হিসেবে পরিচিতি পায়, তারা আসলে শুধুই ‘সাউন্ডবক্স’; নীতিনির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই।” এর ফলে ইসলামের নামে অন্য কিছু চাপিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও তিনি জানান।

সবশেষে তিনি প্রশ্ন তোলেন জামায়াতের ন্যায়, ইনসাফ ও সততার দাবি নিয়ে। তিনি বলেন, এসব গুণের দাবি যে কেউ করতে পারে, তবে তার সত্যতা প্রমাণিত হয় বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর।

মন্তব্য করুন