জামায়াত নেতার ‘হুমকি’, জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর জিডি

জামায়াত নেতার ‘হুমকি’, জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর জিডি

জহিরুল হক মিলন, ফেনী: নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হাতে হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দাগনভূঞা থানায় তাঁর পক্ষে এই ডায়েরি করেন নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলটির স্থানীয় নেতা মেজবাহ উদ্দিন সাঈদ বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে উদ্দেশ্য করে মানহানিকর ও হুমকিমূলক বক্তব্য দেন।

বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ডা. শফিকুর রহমান (জামায়াত আমীর) ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন?” এমনকি শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনাকে কী রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।” জিডিতে দাবি করা হয়েছে, মেজবাহসহ অন্যান্য জামায়াত নেতারা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মিন্টুকে হুমকি দিয়ে আসছেন, যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, “এটি একটি নিছক রাজনৈতিক বক্তব্য ছিল, ব্যক্তিগত পর্যায়ের কিছু নয়। আমার বক্তব্য অনলাইনে আছে, যে কেউ শুনে দেখতে পারেন। পুলিশকে প্রভাবিত করে এই জিডি করা হয়েছে, যা নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করার একটি অপচেষ্টা মাত্র।”

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন