ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা): জাতীয়তাবাদী ও ইসলামপন্থি ভোটার অধ্যুষিত মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় এবার এই দুই শিবিরের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।
আসনটিতে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় শীর্ষে আছেন দুইজন হেভিওয়েট নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মন্ত্রী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তাঁর পক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্যদিকে, ১০-দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মো. মোশতারশেদ বিল্লাহ (এমবি বাকের)। তাঁর সমর্থনে জামায়াত ও জোটের শরিক দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন। এছাড়া ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল (হাতপাখা) ও জাতীয় পার্টির মশিয়ার রহমান (লাঙ্গল) নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে তরুণ ভোটার ও শিক্ষার্থীরা এবারের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারেন। চায়ের দোকানে আড্ডায় কেউ কেউ বলছেন, শহীদ জিয়ার আদর্শের দল হিসেবে বিএনপিই এবার ক্ষমতায় আসবে এবং তাদের প্রার্থীই বিজয়ী হবেন। আবার অনেকের মতে, বড় দুই দলের প্রতি মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবার নতুন কাউকে সুযোগ দেওয়ার চিন্তা করছেন অনেকে। ফলে বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে সমানে সমান।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ভোটাররা এমন একজন নেতা খুঁজছেন যিনি এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখবেন। প্রার্থীরাও পিছিয়ে নেই; তারা রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
মাগুরা-২ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৩৫০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২০৮ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কার পাল্লা ভারী হয়, তা দেখার জন্য এখন ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় পুরো মহম্মদপুর ও শালিখা উপজেলা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ