বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জন্য সংসদে বিল আনা হবে: নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জন্য সংসদে বিল আনা হবে: নাসের রহমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ভূমির অধিকার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মজুরি নিশ্চিত করতে সংসদে বিল আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজনগর চা বাগানের নাট মন্দিরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

নাসের রহমান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চা বাগান এলাকার নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল, ডাল, তেলসহ প্রায় ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া চা শ্রমিকদের বর্তমান মজুরি বাড়িয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দৈনিক ২৪৫ টাকা করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “বিএনপি সরকারের আমলে চা শ্রমিকদের মজুরি ৩৫ টাকা থেকে ১২০ টাকায় উন্নীত করা হয়েছিল। অথচ গত সাড়ে ১৫ বছরে নৌকার সরকার মাত্র ৫০ টাকা বাড়িয়েছে, যার জন্য শ্রমিকদের রাজপথে রক্ত দিতে হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার চা শ্রমিকদের ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করলেও তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করেনি।

 নাসের রহমান বলেন, শুধু মজুরি নয়, চা বাগানের বাসিন্দাদের জন্য উন্নত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যাদের দীর্ঘদিন ভোট দিয়েছেন তারা আপনাদের মূল্যায়ন করেনি। এবার ধানের শীষকে বিজয়ী করলে আপনাদের জীবনমান বদলে দেওয়ার দায়িত্ব আমার।”

রাজনগর উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাসের রহমানের কন্যা মাহিবা রহমান, উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন এবং চা শ্রমিক নেত্রী গীতা কানুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক চা শ্রমিকের উপস্থিতিতে এই সভা এক বিশাল জনসভায় রূপ নেয়।

মন্তব্য করুন