ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ১১-দলীয় জোট (জামায়াত) মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এই নোটিশ প্রদান করেন।
নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, প্রার্থী ফখরুদ্দিন মানিক তাঁর নির্বাচনী পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে “ডা.” পদবী ব্যবহার করছেন। কিন্তু তাঁর দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এই পদবীর কোনো উল্লেখ নেই।
শোকজ পত্রে উল্লেখ করা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও “ডা.” পদবী ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। হলফনামার তথ্যের সাথে প্রচারণার তথ্যের এই অমিল নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না— এই মর্মে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে (যুগ্ম জেলা জজ আদালত) উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে এই প্রতিবেদনটি প্রয়োজনীয় সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে পাঠানো হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ