আমি নির্বাচিত হলে সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব: হাবিবুল ইসলাম হাবিব

আমি নির্বাচিত হলে সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব: হাবিবুল ইসলাম হাবিব

নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা ঐতিহাসিক বলফিল্ড ময়দানে ধানের শীষ প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমি নির্বাচিত হলে এ অঞ্চলে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও জামায়াতসহ সকল ধর্মের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব। আমার জীবন দিয়ে হলেও সনাতন ধর্মাবলম্বী ভাইদের রক্ষা করব।”

বক্তব্যের একপর্যায়ে কারান্তরীণ থাকাকালীন অবর্ণনীয় নির্যাতন ও ৭০ বছরের কারাদণ্ডের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাবিবুল ইসলাম হাবিব। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “প্রতিহিংসার শিকার হয়েও আমি আপনাদের ছেড়ে যাইনি। আপনারাও আমাকে ছেড়ে যাবেন না তো? আমার বা আমার কোনো কর্মীর দ্বারা অতীতে কোনো ভুল হয়ে থাকলে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার দ্বারা কোনোদিন কারো ওপর অন্যায় হবে না।”

সাবেক এই সংসদ সদস্য তাঁর বিগত মেয়াদের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবার এই মাঠে নিয়ে এসেছিলাম। তিনি পাটকেলঘাটাকে থানা করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমান করবেন উপজেলা। আমি এমপি থাকাকালীন ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি এবং ৩ হাজার মানুষের চাকরি দিয়েছি, যার জন্য কাউকে একটি টাকাও দিতে হয়নি।”

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদি, জেলা মহিলা দলের সভানেত্রী বিউটি আক্তারসহ স্থানীয় বিএনপি ও ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

মন্তব্য করুন