দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের ভোটেই নির্ধারিত হতে পারে জয়-পরাজয়

দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের ভোটেই নির্ধারিত হতে পারে জয়-পরাজয়

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: বিরল ও বোচাগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট-বাজারে জমে উঠছে নির্বাচনী আলোচনা। ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত ৪ জন প্রার্থী বর্তমানে প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। তবে এ আসনের বিশাল এক ভোটব্যাংক হিসেবে পরিচিত আওয়ামী লীগ সমর্থকদের ভোট শেষ পর্যন্ত কার বাক্সে পড়বে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

নির্বাচনী মাঠে লড়াই করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এ কে এম আফজালুল আনাম, বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আ ব ম বজলুর রশিদ কালু (মোটরসাইকেল) এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার হোসেন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, দিনাজপুর-২ আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাধীনতা পরবর্তী সময়ে একবার বিএনপির সাবেক সেনাপ্রধান লে. জে. মাহবুবুর রহমান ছাড়া আর কোনো দল এখানে জয়ী হতে পারেনি। তবে গত ১৫ বছর ধরে এই আসনটি আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরীর দখলে ছিল। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় তাদের বিপুল সংখ্যক সমর্থক কার দিকে ঝুঁকবেন, সেটিই এখন বড় প্রশ্ন। স্থানীয়রা মনে করছেন, নৌকা সমর্থকদের ভোট যদি একদিকে যায় তবে ফলাফল পরিষ্কার হবে, আর যদি তারা কেন্দ্রে না যান বা ভোট বিভক্ত হয়, তবে খুব কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হতে পারে।

নির্বাচনী মাঠ পর্যালোচনায় দেখা গেছে, মূলত লড়াই হবে ত্রিমুখী—ধানের শীষের সাদিক রিয়াজ চৌধুরী, দাঁড়িপাল্লার আফজালুল আনাম এবং স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালুর মধ্যে। বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক হারানো আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে গ্রাম থেকে শহরে প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জামায়াত প্রার্থী আফজালুল আনাম জনগণের ভালোবাসাকে পুঁজি করে জয়ের ব্যাপারে আশাবাদী। স্বতন্ত্র প্রার্থী কালু নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

মন্তব্য করুন