বাগেরহাটে গৃহবধূকে শ্লীলতাহানি, দেবর-ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাগেরহাটে গৃহবধূকে শ্লীলতাহানি, দেবর-ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর আপন দেবর ও ভাসুরের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম বেগম (৩২) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগমের স্বামী জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করেন। তিনি তাঁর কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। অভিযুক্তরা হলেন তাঁর ভাসুর জাহাঙ্গীর শেখ (৫৫) ও দেবর আজমির শেখ (৪০)। মরিয়ম বেগমের দাবি, জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং রাতে ঘরের দরজায় শব্দ করে বিরক্ত করতেন। বিষয়টি স্বামীকে জানানোয় অভিযুক্তরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ৩ মার্চ (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দুজন শ্রমিক নিয়ে মরিয়ম বেগমের বসতবাড়িতে প্রবেশ করেন এবং জোরপূর্বক মাটি দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা গৃহবধূর ওপর চড়াও হন। অভিযোগে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর শেখ কোদাল দিয়ে তাঁকে আঘাত করেন এবং আজমির শেখ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এসময় তাঁকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট সংগ্রহ ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ/সকালবেলা

মন্তব্য করুন