ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ আজ রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে রাষ্ট্রদূত সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি স্মরণ করেন যে, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে এই কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়েছিল। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়ার ঐতিহাসিক সৌদি আরব সফরের কথা উল্লেখ করে উভয় পক্ষই মুসলিম বিশ্বের ঐক্য ও স্থিতিশীলতায় তাঁর অবদানের স্বীকৃতি দেন।
সৌদি রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশিদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে ৭ লাখ ৫০ হাজারই ছিল কর্মভিসা। তিনি উল্লেখ করেন, সৌদি আরবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে বর্তমানে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক প্রবাসীকে আতিথেয়তা প্রদানের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরবের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে তিনি তাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সৌদি আরবের সক্রিয় সমর্থন কামনা করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও ভূ-কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর আওতায় গৃহীত সংস্কারমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ