“রাজনৈতিক কারণে কেউ হয়রানি হোক তা চাই না”: পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

“রাজনৈতিক কারণে কেউ হয়রানি হোক তা চাই না”: পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: জবরদস্তি বা রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং মানুষের আস্থা অর্জন করে বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম (এমপি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলার চাঁদপাই এলাকায় হযরত পীর মেছেরশাহ (রহ.) মাজারে বার্ষিক ওরস ও ঐতিহ্যবাহী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “শুধুমাত্র রাজনৈতিক কারণে কেউ হয়রানি হোক, সেটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যিকার অর্থে মানুষের আস্থা অর্জন করে পরবর্তী উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সকল নির্বাচনে অংশগ্রহণ করতে। কারো প্রতি আমার ব্যক্তিগত আপত্তি নেই। তবে কেউ যদি কোনো অপরাধ করে থাকে বা কারো বিরুদ্ধে মামলা থাকে, তবে আইন অনুযায়ী প্রশাসন তার ব্যবস্থা নেবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “কাউকে চাপে রাখা বা দখলদারিত্বের রাজনীতি আমরা করব না। এটা আমাদের দলীয় প্রধান তারেক রহমানের স্পষ্ট ঘোষণা। আপনি যদি বিএনপিকে ভালোবাসেন, তবে এই আদর্শ আপনাকে ধারণ ও লালন করতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম বরদাশত করা হবে না।

 উদ্বোধনী অনুষ্ঠানে ড. শেখ ফরিদুল ইসলাম মোংলা-রামপাল এলাকা থেকে মাদক নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সুস্থ সমাজ গড়তে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা আমাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে ৫০০ বছরের ঐতিহ্যবাহী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি মাজার জিয়ারত ও দেশ-জাতির কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, মাজার কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা


মন্তব্য করুন