ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে শনিবার দুপুরে রংপুর সদর হাসপাতাল এলাকার শিশু হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "রংপুর সিটির সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তুলতে শুধু সংগঠনের ওপর নির্ভর করলে হবে না, বরং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, পরিচ্ছন্ন পরিবেশ নাগরিক স্বাস্থ্য ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলে, তাই রংপুরকে একটি পরিকল্পিত ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই অভিযানের আওতায় নগরীর প্রধান সড়ক, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডলসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নগরীকে পরিষ্কার রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ