ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর গাবতলীতে সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ নিশ্চিত করেছেন যে, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট পাওয়া যাবে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবারও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছে। শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি কাউন্টারে টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে এবং তালিকার বাইরে বাড়তি কোনো ভাড়া আদায়ের সুযোগ নেই। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা সহজেই তাঁদের পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানি রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে বাস মালিক সমিতি। বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কোনো প্রকার অনিয়ম বা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাত্রীসাধারণকে ঝামেলামুক্তভাবে টিকিট সংগ্রহের জন্য সময়মতো কাউন্টার বা অনলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ