ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে অপর শ্রমিক তাকে উদ্ধারের জন্য ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন