ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে আল্লাহর নামে শপথ গ্রহণ করি যেন, আগামী দিনে আমাদের কাজগুলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।’
জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে; শিকার হয়েছে গুম, খুন ও অমানবিক নির্যাতনের। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা যেন আমরা সঠিক পথে চর্চা করতে পারি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।’
অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় মাহফিলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো জনগণের হারানো অধিকার সুপ্রতিষ্ঠিত করা এবং দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ