মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ: মিত্রদের রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত ফ্রান্স

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ: মিত্রদের রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ম্যাক্রন বর্তমান উত্তেজনাকে সবার জন্য ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে তা দ্রুত বন্ধের আহ্বান জানান। তবে একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে ফরাসি সম্পদ রক্ষা এবং প্রয়োজনে মিত্রদের সুরক্ষায় সরাসরি যুদ্ধে জড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’। নিজের দেশের নাগরিক ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে’। বিশ্লেষকরা ম্যাক্রনের এই বক্তব্যকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের একটি প্রচ্ছন্ন আগ্রহ হিসেবে দেখছেন।

অন্যদিকে, ইরানে এই হামলার ঘটনায় নরওয়ে, সুইডেন, পাকিস্তান ও স্পেনসহ বিভিন্ন দেশ কড়া ভাষায় ইসরাইল ও মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে। দেশগুলো কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানালেও ইরানের পক্ষ থেকে ‘শত্রুদের চূড়ান্ত পরাজয়’ না হওয়া পর্যন্ত পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

আন্তর্জাতিক ডেস্ক/সকালবেলা

মন্তব্য করুন