দল মনোনয়ন দিলেই ঢাকা দক্ষিণ সিটিতে ভোট দেবেন ইশরাক হোসেন

দল মনোনয়ন দিলেই ঢাকা দক্ষিণ সিটিতে ভোট দেবেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, দল থেকে মনোনয়ন প্রদান করা হলে তিনি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাক্ষাৎ শেষে ইশরাক হোসেন বলেন, "ঢাকার বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে আসন্ন বর্ষার আগে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা একমত হয়েছি।" তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময়ের মধ্যে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হয়।

নিজের নির্বাচনী এলাকার বিষয়ে কথা বলতে গিয়ে ঢাকা-৬ আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসনে জামায়াত ইসলামীর প্রার্থী অস্বাভাবিক হারে ভোট পেয়েছেন, যা অভাবনীয়। তিনি এই ভোটার তালিকা তদন্ত করে দেখার দাবি জানান।

এ সময় ইশরাক হোসেন আরও অভিযোগ করেন যে, ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো মহল সহযোগিতা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের বিষয়ে তার করা পূর্ববর্তী মন্তব্যগুলো ব্যক্তিগত অভিপ্রায় ছিল বলেও তিনি পরিষ্কার করেন।

বৈঠককালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম ঢাকার চলমান সমস্যাগুলোর টেকসই সমাধানে জনসম্পৃক্ততার ওপর জোর দেন এবং সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন