আইনমন্ত্রী হচ্ছেন মো. আসাদুজ্জামান!

আইনমন্ত্রী হচ্ছেন মো. আসাদুজ্জামান!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ে এখন চলছে মন্ত্রিপরিষদ গঠন নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন শুরু হয়েছে যে, নতুন মন্ত্রিসভায় আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান। বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র ইঙ্গিত দিয়েছে যে, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিচার বিভাগের আমূল সংস্কারের লক্ষ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই গুরুত্বপূর্ণ পদে একজন পেশাদার ও দক্ষ আইনজীবীকে খুঁজছেন, যেখানে আসাদুজ্জামানের নাম সবার উপরে রয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আইনজীবী হিসেবে তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করা এই আইনি বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। মাঠপর্যায়ের রাজনীতি ও আইনি লড়াইয়ে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এই গুঞ্জন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি বর্তমানে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানেন না এবং কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান যদি তাকে এই পদের যোগ্য মনে করে কোনো দায়িত্ব দেন, তবে তিনি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। সূত্রমতে, বিচার বিভাগকে পূর্ণাঙ্গ আধুনিকায়ন এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে চায় বিএনপি। খুব দ্রুতই নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের তালিকা চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন