ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশগামী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বা ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। মূলত আটকে পড়া প্রবাসী যাত্রী, ভিসা জটিলতা নিরসন এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা পর্যবেক্ষণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এখন সমন্বিতভাবে কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, তার প্রভাবে অনেক বাংলাদেশি নাগরিক গন্তব্যে পৌঁছাতে পারেননি কিংবা পথে আটকে পড়েছেন। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য এই জরুরি বৈঠক ডাকা হয়। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সরাসরি বিমানবন্দরের গ্রাউন্ড লেভেলে কাজ করছে যাতে কোনো যাত্রী হয়রানির শিকার না হন। প্রয়োজনে আটকে পড়া যাত্রীদের হোটেলে অবস্থানের ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।
শামা ওবায়েদ উল্লেখ করেন, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে কিংবা যাদের জরুরি ভ্রমণ প্রয়োজন, তারা যেন এয়ারলাইন্সগুলোর কাছ থেকে যথাযথ সহায়তা পান—সেটি নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত থাকায় কবে নাগাদ বিমান চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই যাত্রীরা যাতে কোনো জটিলতা ছাড়াই নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেন, সেই প্রস্তুতি আমরা রেখেছি।”
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতায় মধ্যপ্রাচ্যে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে একজন রোহিঙ্গা ও অন্যজন বাংলাদেশি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তাদের মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান সংকট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দুটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত আপডেট জানানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ