নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয়: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয়: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার দীর্ঘ ১৭ বছর দেশীয় সম্পদকে অবহেলা করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তুলেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “জনগণের যে সম্পদ আছে, সরকার সেই সম্পদ আহরণ করতে চায়। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে জ্বালানি দরকার। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব?”

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য এবং খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কয়লা উত্তালন ও বিদ্যুৎকেন্দ্রে এর ব্যবহার বাড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি পরিদর্শন করবেন এবং বিকেলে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

মন্তব্য করুন