মন্টিনেগ্রোর শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বড় সুযোগ

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
মন্টিনেগ্রোর শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোতে প্রতি বছর পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন খাতে ৫০ হাজারের বেশি দক্ষ ও পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটিতে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে জনশক্তি পাঠাতে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন মন্টিনেগ্রোর পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আশাবাদের কথা ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও সংসদীয় কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করতে ‘বাংলাদেশ-মন্টিনেগ্রো পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দক্ষ জনশক্তির নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে পর্যাপ্ত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী, নির্মাণশ্রমিক ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। মন্টিনেগ্রোয় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সুগম করতে ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন তিনি। এর জবাবে দেশটির পার্লামেন্ট সদস্য জানান, মন্টিনেগ্রোর শ্রমবাজারে প্রতি বছর উল্লিখিত খাতে প্রচুর কর্মী প্রয়োজন এবং বাংলাদেশ থেকে জি-টু-জি ভিত্তিতে কর্মী নেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমদানিনির্ভর দেশ হওয়ায় মন্টিনেগ্রো বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়াতে পারে বলে জানান স্তোয়োভিচ। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটন খাতে মন্টিনেগ্রোর ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।

এ ছাড়া শিক্ষা, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বৃদ্ধি করতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এআইএল/সকালবেলা