বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ
বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি মনে করে দুই ভারতীয় নাগরিককে গুলি চালিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে রাখার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার বড়বালু এলাকার আব্দুল আলীম এবং ইসমাইল হোসেন। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বিএসএফের গুলিতে তারা আহত হন। পরবর্তীতে তাদের বাংলাদেশ সীমানায় ফেলে রেখে যাওয়া হলে স্থানীয় সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করায়। বর্তমানে পুলিশের নিরাপত্তায় তাদের চিকিৎসা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আহত দুই ভারতীয় নাগরিকের শরীরেই গুলির ক্ষত রয়েছে। তাদের যাবতীয় চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তবে সীমান্তে গুলির বিষয়ে বিপরীত তথ্য প্রকাশ করেছে বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, তাঁদের সীমান্ত এলাকায় কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।
এআইএল/সকালবেলা